ওরে মন, বাড়িবার আশা কেন কর’?
ওরে মন, বাড়িবার আশা কেন কর’?
পার্থিব উন্নতি যত, শেষে
অবনতি তত,
শান্ত হও, মোর বাক্য ধর’ ॥১॥
আশার ইয়্ত্তা নাই, আশা-পথ সদা ভাই,
নৈরাশ্য-কন্টকে রুদ্ধ আছ।
বাড়’ যত আশা তত, আশা
নাহি হয় তত,
আশা নাহি নিত্যানিত্য বাছে ॥২॥
এক রাজ্য আজ পাও, অন্য
রাজ্য কা’ল চাও,
সর্বরাজ্য কর’ যদি লাভ।
তবু আশা নহে শেষ, ইন্দ্রপদ
অবশেষ,
ছাড়ি’ চা’বে ব্রহ্মার প্রভাব ॥৩॥
ব্রহ্মত্ব ছাড়িয়া ভাই, শিবপদ কিসে পাই,
এই চিন্তা হ’বে অবিরত।
শিবত্ব লভিয়া নর, ব্রহ্মসাম্য
তদন্তর,
আশা করে’ শঙ্করানুগত ॥৪॥
অতএব আশা-পাশ, যাহে হয় সর্বনাশ,
হৃদয় হইতে রাখ দূরে।
আকিঞ্চন-ভাব ল’য়ে, চৈতন্য-চরণাশ্রয়ে,
বাস কর’ সদা শান্তিপুরে ॥৫॥

কোন মন্তব্য নেই