আশ্রয় করিয়া বন্দো শ্রীগুরু-চরণ।

 

আশ্রয় করিয়া বন্দো শ্রীগুরু-চরণ।
যাহা হৈতে মিলে ভাই কৃষ্ণপ্রেমধন॥
জীবের নিস্তার লাগি নন্দসুত হরি।
ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি॥
মহিমায় গুরুকৃষ্ণ এক করি জান।
গুরু-আজ্ঞা হৃদে সব সত্য করি মান॥

সত্যজ্ঞানে গুরুবাক্যে যাহার বিশ্বাস।
অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস॥
যার প্রতি গুরুদেব হন পরসন্ন।
কোন বিগ্নে সেই নাহি হয় অবসন্ন॥
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে।
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে॥
গুরু মাতা
,গুরু পিতা,গুরু হন পতি।
গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি॥
গুরুকে মনুষ্যজ্ঞান না করিহ কখন।
গুরুনিন্দা কভু কর্ণে না কর শ্রবণ॥
গুরু-নিন্দুকের মুখ কভু না হেরিবে।
যথা হয় গুরুনিন্দা তথা না যাইবে ।
গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন।
তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন॥
গুরুপাদপদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি।
জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি॥
হেন গুরুপাদপদ্ম করহ বন্দনা।
যাহা হৈতে ঘুচে ভাই সকল যন্ত্রণা॥
গুরুপাদপদ্ম নিত্য যে করে বন্দন।।
শিরে ধরি বন্দি আমি তাহার চরণ॥

শ্রীগুরুচরণপদ্ম হৃদে করি আশ ।
শ্রীগুরু-বন্দনা করে সনাতন দাস॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.