এ মন! ‘হরিনাম’ কর সার।

 

এ মন! হরিনাম কর সার।

এ ভব-সাগর,                              হবে বালি-চর,

হাঁটিয়া হইবি পার॥

ধরম করম,                 এ জপ এ তপ,

জ্ঞান-যোগ-যুগ-ধ্যান।

নহি নহি নহি,                              কলিতে কেবল,

উপায় গোবিন্দ নাম॥

ভুকতি-মুকতি,                            যে গতি সে গতি,

তাহে না করিহ রতি।

মেঘের ছায়ায়,                            জুড়ায় যেমন,

কহ না সে কোন্ গতি॥

বদন ভরিয়া,                               হরি হরিবল,

এমন সুলভ কবে।

ভারত-ভূমেতে,                          মানুষ-জনম,

আর কি এমন হবে॥

যতেক পুরাণ-                             প্রমাণ দেখ না,

নামের সমান নাই

নামে রতি হৈলে,                         প্রেমের উদয়,

প্রেমেতে হরিকে পাই।

শ্রবণ কীর্তন,                                কর অনুক্ষণ,

অসত পচাল ছাড়ি।

কহে প্রেমানন্দ,                           মানুষ-জনম,

সফল কর না ভাড়ি

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.