আন কথা না শুনিব, আন কথা না বলিব,

 

আন কথা না শুনিব, আন কথা না বলিব,

সকলি কহিব পরমার্থ

প্রার্থনা করিব সদা, লালসা অভীষ্ট-কথা,

ইহা বিনু সকলি অনর্থ

ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত,

অনন্ত অপার কেবা জানে

ব্রজপুর-প্রেম নিত্য, এই সে পরম সত্য,

ভজ সদা অনুরাগ-মনে

গোবিন্দ গোকুলচন্দ্র, পরম আনন্দ-কন্দ,

পরিবার-গোপ-গোপী-সঙ্গে

নন্দীশ্বর যাঁ ধাম, গিরিধারী যাঁ নাম,

সখী-সঙ্গে ভজ তাঁরে রঙ্গে

প্রেমভক্তি-তত্ত্ব এই, তোমারে কহিল ভাই,

আর দুর্বাসনা পরিহরি

শ্রীগুরুপ্রসাদে ভাই, সব ভজন পাই,

প্রেমভক্তি সখী অনুচরি

সার্থক ভজন-পথ, সাধুসঙ্গ অবিরত,

স্মরণ-ভজন-কৃষ্ণকথা

প্রেমভক্তি হয় যদি, তবে হয় মনঃশুদ্ধি,

তবে যায় হৃদয়ের ব্যথা

বিষয় বিপত্তি জান, সংসার স্বপন মান,

নরতনু ভজনের মূল

অনুরাগে ভজ সদা, প্রেমভাবে লীলাকথা,

আর যত হৃদয়ের শূল

রাধিকা-চরণরেণু, ভূষণ করিয়া তনু,

অনায়াসে পাবে  গিরিধারী

রাধিকা-চরণাশ্রয়, কবে যেই মহাশয়,

তাঁরে মুঞি যাঙ বলিহারি

জয় জয় রাধানাম, বৃন্দাবন যাঁ ধাম,

কৃষ্ণসুখ-বিলাসের নিধি

হেন রাধা-গুণগান, না শুনিল মোর কান,

বঞ্চিত করিল মোরে বিধি

তাঁ ভক্তসঙ্গে সদা, রসলীলা-প্রেমকথা,

যে করে, সে পায় ঘনশ্যাম

ইহাতে বিমুখ যেই, তাঁ কভু সিদ্ধি নাই,

নাহি যেন শুনি তাঁ নাম

কৃষ্ণনাম-গানে ভাই, রাধিকা-চরণ পাই,

রাধানাম-গানে কৃষ্ণচন্দ্র

সংক্ষেপে কহিল কথা, ঘুচাহ মনের ব্যথা,

দুঃখময় অন্য কথা-দ্বন্দ্ব

অহঙ্কার,অভিমান, অসৎসঙ্গ,অসৎ-জ্ঞান,

ছাড়িভজ গুরুপাদপদ্ম

কর আত্মনিবেদন, দেহ-গেহ-পরিজন,

গুরুবাক্য পরম মহত্ত্ব

শ্রীকৃষ্ণচৈতন্যদেব, নিরবধি তাঁরে সেব,

প্রেম-কল্পতরু-বরদাতা

শ্রীব্রজরাজ-নন্দন, রাধিকা-জীবনধন,

অপরূপ এই সব কথা

নবদ্বীপে অবতরি’, রাধাভাব অঙ্গীকরি’,

তাঁ কান্তি অঙ্গের ভূষণ

তিন বাঞ্ছা অভিলাষী’, শচীগর্ভে পরকাশি’,

সঙ্গে লঞা পারিষদগণ

গৌরহরি অবতরি’, প্রেমের বাদর করি’,

সাধিলা মনের তিন কাজ

রাধিকার প্রাণপতি,                        কিবা ভাবে কাঁদে নিতি,

ইহা বুঝে ভকত-সমাজ

গোপনে সাধিল সিদ্ধি,                   সাধন নবধা ভক্তি,

প্রার্থনা করিব দৈন্যে সদা

করিহরিসঙ্কীর্তন,                        সদাই বিভোর মন,

ইষ্টলাভ বিনু সব বাধা

সংসার-বাটোয়ারে,                      কাম-ফাঁসে বাঁধিমারে,

ফুকারিকহয়ে হরিদাস

করহ ভকত-সঙ্গ,                         প্রেমকথা-রসরঙ্গ,

তবে বে বিপদ-বিনশ

স্ত্রী-পুত্র-বান্ধব যত,                        মরিযাবে শত শত,

আপনাকে হও সাবধান

মুঞি সে বিষয়ে হত,                    না ভজিনু হরিপদ,

মোর আর নাহি পরিত্রাণ

রামচন্দ্র কবিরাজ,                         সেই সঙ্গে মোর কাজ,

তাঁ সঙ্গ বিনু সব শূন্য

যদি হয় জন্ম পুনঃ,                       তাঁ সঙ্গ হয় যেন,

তবে হয় নরোত্তম ধন্য

আপন ভজন-কথা,                       না কহিবে যথা তথা,

ইহাতে হইও সাবধান

না করিহ কেহ রোষ,                     না লইহ মোর দোষ,

প্রণমহ ভক্তের চরণ

শ্রীগৌরাঙ্গ প্রভু মোরে বোলান যে বাণী

তাহা কহি,ভাল-মন্দ কিছুই না জানি

লোকনাথ-প্রভুপদ হৃদে করিআশ

প্রেমভক্তিচন্দ্রিকা কয় নরোত্তমদাস



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.