উদিল অরুণ পূরব ভাগে,
উদিল অরুণ পূরব ভাগে,
দ্বিজমণি গোরা অমনি জাগে,
ভকতসমূহ লইয়া সাথে
গেলা নগর ব্রাজে।
‘তাথই তাথই’বাজল খোল,
ঘন ঘন তাহে ঝাঁজের রোল,
প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ,
চরণে নূপুর বাজে॥১॥
মুকুন্দ মাধব যাদব হরি,
বলেন বলরে বদন ভরি,
মিছে নিদ-বশে গেলরে রাতি,
দিবস শরীর-সাজে।
এমন দুর্লভ মানব-দেহ,
পাইয়া কি কর ভাবনা কেহ,
এবে না ভজিলে যশোদা-সুত,
চরমে পড়িবে লাজে॥২॥
উদিত তপন হইলে অস্ত,
দিন গেল বলি’ হইবে ব্যস্ত,
তবে কেন এবে অলস হই’
না ভজ হৃদয়রাজে।
জীবন অনিত্য জানহ সার,
তাহে নানাবিধ বিপদভার,
নামাশ্রয় করি’ যতনে তুমি,
থাকহ আপন কাজে॥৩॥
জীবের কল্যাণ-সাধন-কাম,
জগতে আসি’এ মধুর নাম,
অবিদ্যা-তিমির তপন-রূপে
হৃদগগনে বিরাজে।
কৃষ্ণনাম-সুধা করিয়া পান,
জুড়াও ভকতিবিনোদ-প্রাণ,
নাম বিনা কিছু নাহিক আর,
চৌদ্দ ভুবন-মাঝে॥৪॥

কোন মন্তব্য নেই