এখন বুঝিনু প্রভু! তোমার চরণ।

 



এখন বুঝিনু প্রভু! তোমার চরণ

অশোকাভয়ামৃত-পূর্ণ সর্বক্ষণ

সকল ছাড়িয়া তুয়া চরণকমলে

পড়িয়াছি আমি, নাথ! তব পদতলে

তব পাদপদ্ম, নাথ! রক্ষিবে আমারে

আর রক্ষাকর্তা নাহি ভবসংসারে

আমি তব নিত্যদাসজানিনু এবার

আমার পালন-ভার এখন তোমার

বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে

সব দুঃখ দূরে গেল পদ-বরণে

যে-পদ লাগিয়া রমা তপস্যা করিলা

যে-পদ পাইয়া শিব শিবত্ব লভিলা

যে-পদ লভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা

যে-পদ নারদ-মুনি হৃদয়ে ধরিলা

সেই সে অভয় পদ শিরেতে ধরিয়া

পরম-আনন্দে নাচি পদগুণ গাইয়া

সংসার-বিপদ তে অবশ্য উদ্ধার

ভকতিবিনোদে, পদ করিবে তোমার

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.